দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসল করার সময় শাপলা তুলতে গিয়ে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ১৮ বছর বয়সী ভাবি আকলিমা খাতুন এবং তার দুই ননদ ২১ বছর বয়সী দুলালী খাতুন ও ১০ বছর বয়সী সুরভি খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে দুই ননদকে সঙ্গে নিয়ে ভাদুড়িয়া গ্রামের পাশে কালসোনা নদীতে গোসল করতে নামেন আকলিমা। একপর্যায়ে তারা নিখোঁজ হয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করলে ঘাট থেকে কিছুটা দূরে তিনজনের মরদেহ ভেসে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে নিকটস্থ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে একে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, মৃতদের কেউই সাঁতার জানতেন না বলে জানতে পেরেছেন। এদিকে একই পরিবারের তিনজনের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল জানান, ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।