দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

কুড়িগ্রাম সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিরা মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হিরা মিয়া নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওই এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হিরা মিয়ার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে অবগত আছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।