ঠাকুরগাঁও সদর উপজেলার একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে স্বজনেরা কবর জিয়ারত করতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে।
স্থানীয় বাসিন্দা কাউসার রহমান দুলাল জানান, সকালে কবর জিয়ারত করতে গিয়ে তারা দেখতে পান, পাশাপাশি তিনটি এবং কিছুটা দূরে আরও দুটি কবর খোঁড়া হয়েছে। কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
আরেক বাসিন্দা তফায়েল আহমেদ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মৃত্যুর পরও মানুষ নিরাপদ নয়। প্রশাসনের কাছে দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’
আব্দুল জলিল বলেন, ‘মানুষের বিবেক আজ কোথায় গিয়ে ঠেকেছে! ফেসবুকে খবরটি দেখে ঘটনাস্থলে এসে দেখি, পাঁচটি কবর থেকে কঙ্কাল উধাও। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার অনুরোধ করছি।’
নিহতের স্বজন আকরাম আলী জানান, সকালে এসে তিনি তাঁর দাদিসহ মোট পাঁচটি কবরের মাটি সরানো অবস্থায় দেখতে পান। কবরের ভেতরে কঙ্কাল ছিল না, শুধু কাফনের কাপড় পড়ে ছিল। পরে তারা কবরগুলোতে আবার মাটি দিয়ে দেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।