বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা, আটক ৬

লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে জব্দ করা ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে চার বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বিজিবি ক্যাম্পে ঢুকে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিজিবির করা মামলায় পাটগ্রাম থানা পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

আটক ব্যক্তিরা হলেন, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় ধরলা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় নদী থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরে ড্রেজার জব্দের খবর ছড়িয়ে পড়লে রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন স্থানীয় ব্যক্তি বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। বিজিবির অভিযোগ, তারা দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি দেন এবং জব্দ করা ড্রেজারটি জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ছয়জনকে আটক করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল রহমান বলেন, বিজিবি ক্যাম্পে প্রবেশ করে সদস্যদের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।