কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটিকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে গড়ে তোলা এবং শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সুভারকুটি গ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলজার হোসেন এবং নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ ইয়াসমিন।
এ ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এডিপির প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, ওয়াটসন ও ইকোভিলেজ কমিটির সদস্য, শিশুফোরাম, আরমি ও নল আরসি পরিবারের সদস্যসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক উপকারভোগী অংশ নেন। এ সময় তারা সুভারকুটি গ্রামের পরিবেশবান্ধব বৈশিষ্ট্য ও স্যানিটেশন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য সম্মিলিতভাবে প্রতিশ্রুতি দেন।
বক্তারা বলেন, পরিবেশবান্ধব গ্রাম গড়ে তুলতে শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই গ্রাম গড়ে তোলা সম্ভব। এ জন্য গ্রামের সব বাসিন্দাকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, এর আগে সুভারকুটি গ্রামে ৮৩ সেট টিউবওয়েল বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।