কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার পদ্মবিলে এখন প্রকৃতির অপার সৌন্দর্যের অনন্য আবহ। বিলের স্বচ্ছ জলরাশির বুক চিরে ফুটে থাকা গোলাপি ও সাদা পদ্ম যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ছবি। সকালের কোমল রোদে শিশিরভেজা পাপড়ি মেলে থাকা ফুলগুলো দূর থেকে মনে হয় জলের আয়নায় ভেসে থাকা রঙিন অলংকার।
চাকিরপশারের এই পদ্মবিল শুধু একটি জলাভূমি নয়; স্থানীয় মানুষের স্মৃতি, প্রকৃতিপ্রেম ও গ্রামীণ জীবনের সঙ্গে মিশে থাকা এক নৈসর্গিক অধ্যায়। ভোরের আলো ফুটতেই বিলের পাড়ে শুরু হয় মানুষের আনাগোনা। কেউ আসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, কেউ প্রিয়জনকে নিয়ে কিছুটা সময় কাটাতে। আর বিলের অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করতে দূর-দূরান্ত থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা।
পদ্মবিল দেখতে আসা কুড়িগ্রাম সদর উপজেলার সামিরা জাহান ও মেহনাজ আক্তার বলেন, গোলাপি পদ্মফুলের নয়নাভিরাম দৃশ্য তাদের মুগ্ধ করেছে। ফুল মানুষকে সত্য ও সুন্দরের পথে চলতে অনুপ্রাণিত করে বলেই তারা এই সৌন্দর্য উপভোগ করতে এসেছেন।
পদ্মপাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা, শান্ত জলে বাতাসের দোলায় নড়তে থাকা পদ্মফুল আর চারপাশের নীরব পরিবেশ প্রকৃতিপ্রেমীদের মনে তৈরি করে অন্যরকম অনুভূতি। কেউ নৌকায় চড়ে বিল ঘুরে দেখেন, কেউ আবার পদ্মের পাপড়ি ছুঁয়ে উপভোগ করেন নির্মল আনন্দ। সব মিলিয়ে চাকিরপশার পদ্মবিল যেন প্রকৃতির লেখা এক নীরব কবিতা।
এই সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় মানুষের জীবন-জীবিকাও। বিলের পানি ও আশপাশের পরিবেশের সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘদিনের। কেউ পদ্মফুল ও পদ্মপাতা সংগ্রহ করে বিক্রি করেন। আবার কেউ নৌকায় দর্শনার্থীদের বিল ঘুরিয়ে বাড়তি আয় করেন।
বিলে পদ্মফুল তুলতে দেখা যায় স্থানীয় কিশোর হাবিবুর রহমানকে। সে জানায়, অনেকে এই বিল থেকে পদ্মফুল ও পাতা সংগ্রহ করে নিয়ে যান। কেউ এগুলো বিক্রি করেন, আবার কেউ বাড়িতে নিয়ে ছোট ভাই-বোনদের দেন। ফুল ঝরে যাওয়ার পর পদ্মের যে থোকা থাকে, তাতে কাঁচা পদ্মবীজ পাওয়া যায়। এগুলো খেতেও সুস্বাদু বলে জানায় সে।
কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক, কবি ও কলামিস্ট মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘কুড়িগ্রামের চাকিরপশার পদ্মবিল শুধু পদ্মের বিল নয়, এটি উত্তর জনপদের বুকের ভেতর লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। স্থানটিকে আরও দর্শনীয় করে গড়ে তুলতে পারলে ভ্রমণপিপাসুদের জন্য এটি বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে। পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।’