রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় চুরির বিষয়টি টের পান তিনি। পরে তাঁর চিৎকারে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুজনকে ধাওয়া করেন।

ধাওয়ার মুখে তাঁরা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় একটি ধানক্ষেত থেকে আটক করেন। সেখানে তাঁদের মারধর করা হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজিত জনতার মারধরে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমইউ
আরও পড়ুন