রংপুর নগরীর একটি মার্কেটের ছাদে বিলবোর্ডের রডে আটকে অসুস্থ হয়ে পড়েছিল একটি ভুবন চিল। পাখিটিকে উদ্ধারে বন বিভাগে একাধিকবার যোগাযোগ করেও সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে কয়েকজন যুবক নিজেরাই উদ্যোগ নিয়ে পাখিটিকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা ও সেবাযত্নের পর প্রায় তিন ঘণ্টা পর সেটিকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর স্টেশন রোড এলাকার সালেক পাম্পসংলগ্ন শাহ্ জামাল সুপার মার্কেটের ছাদে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে মার্কেটের ছাদে থাকা বিলবোর্ডের রডের সঙ্গে পাখিটিকে আটকে থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ উড়তে না পেরে পাখিটি দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে পাখিটিকে দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।
প্রথমে অনেকেই পাখিটিকে ঈগল বলে ধারণা করেন। আকার ও চেহারা দেখে কেউ কেউ পাখিটির কাছে যেতেও ভয় পাচ্ছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, এটি ভুবন চিল।
পাখিটিকে উদ্ধারের জন্য স্থানীয়রা দফায় দফায় বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। তবে সাড়া না পেয়ে কয়েকজন যুবক নিজেরাই উদ্ধারের উদ্যোগ নেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে আশিক নামে এক যুবক মার্কেটের ছাদে উঠে ঈগলের মতো দেখতে পাখিটিকে বিলবোর্ডের রডের মধ্যে আটকে থাকতে দেখেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। সেখান থেকে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়।
এরপর বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে পাখিটিকে স্যালাইন পানি খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বন বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলে আসা সম্ভব নয় বলেও জানানো হয় বলে দাবি স্থানীয়দের।
পরে কয়েকজন যুবক কয়েক ঘণ্টার চেষ্টায় পাখিটিকে উদ্ধার করেন। তারা পাখিটিকে প্রাথমিক চিকিৎসা ও সেবাযত্ন দেন। কিছুটা সুস্থ হওয়ার পর প্রায় তিন ঘণ্টা পর সেটিকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে রংপুর বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উদ্ধার হওয়া পাখিটির নাম ভুবন চিল। এটি বাদামি চিল বা ডোম চিল নামেও পরিচিত। ইংরেজিতে পাখিটির নাম Black Kite এবং বৈজ্ঞানিক নাম Milvus migrans।
ভুবন চিল বাংলাদেশে অত্যন্ত সাধারণ ও বহুল দৃশ্যমান একটি মাঝারি আকারের শিকারি পাখি। শহর ও লোকালয়ের আকাশে প্রায়ই এদের চক্রাকারে উড়তে দেখা যায়। এদের গায়ের রং গাঢ় লালচে-বাদামি। উড়ার সময় লেজ কিছুটা চেরা বা মাছের লেজের মতো দেখায়।
এরা মূলত মৃত প্রাণী ও বিভিন্ন ধরনের বর্জ্য থেকে খাবার সংগ্রহ করে। পাশাপাশি ছোটখাটো জীবন্ত প্রাণীও শিকার করতে পারে। পরিবেশের বর্জ্য পরিষ্কার রাখতে ভুবন চিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।