কুড়িগ্রামে ধরলার ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চরে ধরলা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ভাঙন ঠেকাতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জগমনের চর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আয়োজিত এ মানববন্ধনে চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর ধরে ধরলার ভাঙনে জগমনের চর এলাকার বিস্তীর্ণ ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙন বিদ্যালয়, মাদরাসা ও মসজিদের কাছাকাছি পৌঁছে গেছে। দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা না হলে এসব গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি শত শত পরিবারের বসতভিটাও নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা কোবাদ আলী বলেন, প্রতিবছর নদী ভাঙনে তাদের ঘরবাড়ি ও জমি হারাতে হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এ ভাঙন থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই।

কাশেম আলী বলেন, বিদ্যালয়টি নদীগর্ভে চলে গেলে চরাঞ্চলের শত শত শিশুর পড়াশোনা ব্যাহত হবে। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মানববন্ধন থেকে ধরলা নদীর তীর সংরক্ষণে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ভাঙনকবলিত এলাকা টেকসইভাবে রক্ষায় দ্রুত সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা।