কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ক্যান্সারে আক্রান্ত অসহায় নারী নাছিমা আক্তারের চিকিৎসাসেবায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মিডিয়া ফ্রন্ট লাইন। চিকিৎসা চালিয়ে নিতে আর্থিক সংকটে থাকা নাছিমা আক্তারের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মিডিয়া ফ্রন্ট লাইনের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা তুলে দেন সংগঠনটির রংপুর জোনের সুপারভাইজার মিনহাজুল ইসলাম, ফিল্ড রিসার্চ অফিসার (এফআরও) নুরে হাসান সিদ্দিক এবং দৈনিক খবর সংযোগ পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ বুলবুল ইসলাম।
নাছিমা আক্তার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিয়ানী পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় এবং চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় তাঁর পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।
এক সময় অর্থাভাবে নাছিমার চিকিৎসাসেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে তাঁর অসহায়ত্বের বিষয়টি নজরে এলে এই মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়।