জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৮৬ লাখ টাকার চেক বিতরণ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় জয়পুরহাটে ২৪টি পরিবারের মধ্যে মোট ৮৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা তহবিল থেকে এসব অর্থ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগী ও তাদের মনোনীত ওয়ারিশদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এ ছাড়া বিআরটিএ জয়পুরহাট সার্কেলের পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় সুধীজন এবং সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত ট্রাস্ট ফান্ড থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা ও সহায়তার জন্য দেওয়া হয়েছে এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়, অর্থ দিয়ে তা পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং সংকট কাটিয়ে উঠতে কিছুটা সহায়ক হবে।

ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত