রৌমারীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী জানান, ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তাঁদের মৃত্যু হয়।

ওসি কাউসার আলী আরও জানান, নিহত ব্যক্তিরা সবাই ময়মনসিংহ থেকে রৌমারীতে ফিরছিলেন। পথে সায়েদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি অটোরিকশার ওপর উঠে যায়।

তবে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে স্থানীয় লোকজনের বক্তব্যে কিছুটা ভিন্নতা রয়েছে। তাঁদের দাবি, দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চারজন যাত্রী ছিলেন এবং তাঁদের সবাই ঘটনাস্থলেই মারা যান।

রৌমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাহিদ হাসান শুভ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়।