হবিগঞ্জ থেকে ৪২ জন বরযাত্রী নিয়ে রংপুরে বিয়ে করতে গিয়েছিলেন ব্রুনাইপ্রবাসী ফয়ছল আহমেদ। কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজনও প্রায় সম্পন্ন। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান কনে ও তার সঙ্গে থাকা কথিত স্বজনেরা। শেষ পর্যন্ত কনে ছাড়াই খালিহাতে বরযাত্রীদের নিয়ে ফিরতে হয়েছে বরকে।
রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে বুধবার (১১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে পরদিন ১২ নভেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেছেন বর ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তার স্বামী সুভাষ আহমেদ (৩৫) এবং কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। তিনি জানান, ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে।
বরপক্ষ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া গ্রামের বাসিন্দা ফয়ছল আহমেদ দীর্ঘদিন ধরে ব্রুনাইয়ে থাকেন। বিয়ের উদ্দেশ্যে প্রায় পাঁচ মাস আগে তিনি দেশে ফেরেন। বিয়ে সম্পন্ন করে আবার বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার। মামলার এজাহারে বলা হয়েছে, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের বিয়ে হয়েছে চট্টগ্রামে। স্বামী ও শ্বশুরের সঙ্গে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন তিনি। একই বাসায় প্রতিবেশী হিসেবে থাকতেন সুমি আক্তার ওরফে মায়া এবং তার স্বামী সুভাষ আহমেদ। তারা নিজেদের কুড়িগ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। প্রায় দুই বছর একই ফ্ল্যাটে থাকার পর দেড় বছর আগে ঢাকায় চলে যান তারা। তবে তামান্নার সঙ্গে সুমির মুঠোফোনে যোগাযোগ অব্যাহত ছিল।
তামান্না জানান, ভাইয়ের বিয়ের কথা সুমিকে জানালে তিনি নিজের ছোট বোন পরিচয় দিয়ে শ্যামলা খাতুনের সঙ্গে ফয়ছলের বিয়ের প্রস্তাব দেন। পরে ভিডিও কলের মাধ্যমে শ্যামলার সঙ্গে ফয়ছল, তামান্না ও পরিবারের অন্য সদস্যদের একাধিকবার কথা হয়। দুই পক্ষের সম্মতির পর ১১ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়। কনেপক্ষ রংপুর নগরীর কামাল কাছনা এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের ব্যবস্থা করে। সেই আয়োজনেই ৪২ জন নারী-পুরুষকে সঙ্গে নিয়ে বাসে করে হবিগঞ্জ থেকে রওনা হন ফয়ছল।
অভিযোগ অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতার আগে কনেকে চার ভরি স্বর্ণালংকার উপহার দেন বর। গহনাগুলোর মান যাচাইয়ের আগ্রহ দেখান কনের বোন পরিচয় দেওয়া তিন নারী। পরে ফয়ছল, তার দুই বোন, বাবা ও ভগ্নিপতি এবং কনে ও ওই তিন নারী দেওয়ানবাড়ি সড়কের লক্ষ্মী জুয়েলার্সে যান। সেখানে স্বর্ণের মান পরীক্ষা শেষে গহনাগুলো নিয়ে কনেকে সাজানোর জন্য একটি বিউটি পার্লারে নেওয়া হয়।
এরপরই ঘটে মূল ঘটনা। এজাহারের বিবরণে বলা হয়েছে, বিউটি পার্লারে ফয়ছল তার দুই বোনকে রেখে বাবা ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে বিয়ের অন্যান্য কেনাকাটা করতে বের হন। এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে বিয়ের সাজে প্রস্তুত করা হয়। পরে তাকে একটি রিকশায় তুলে দেওয়া হয়। ওই রিকশায় কনের বোন পরিচয় দেওয়া এক নারীও ওঠেন। অন্যদিকে, বরের দুই বোন এবং কনের বোন পরিচয় দেওয়া আরও দুই নারী আলাদা একটি অটোরিকশায় রওনা হন। কিন্তু কনেকে বহনকারী রিকশাটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ফয়ছল আহমেদ মুঠোফোনে বলেন, ছোট বোন তামান্না আমার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল। তার প্রতি আমার ও পরিবারের আস্থা ছিল। তামান্নার আস্থা ছিল একই ফ্ল্যাটে পাশাপাশি ভাড়া থাকা সুমি আক্তারের প্রতি। বিশ্বাস করে এত বড় প্রতারণার শিকার হব, কখনো ভাবিনি।