দৃষ্টিনন্দন তিনতলা ভবন, আধুনিক স্থাপত্য, প্রবীণদের চলাচলের জন্য লিফট, থাকার জন্য শয্যাকক্ষ, প্রার্থনার জায়গা, বই পড়ার কক্ষ, শরীরচর্চার যন্ত্রপাতি ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা, সবই রয়েছে, শুধু নেই যাদের থাকার কথা সেই প্রবীণ নারীরা। ২০২৩ সালে প্রায় আট কোটি এক লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছর পেরিয়ে গেলেও শান্তিনিবাসে ঠাঁই পাচ্ছেন না প্রবীণ নারীরা।
লালমনিরহাট শহরের বালাটারী এলাকায় সরকারি শিশু পরিবার (বালিকা) ক্যাম্পাসে প্রায় ৩০ শতক জমির ওপর নির্মিত হয় শান্তিনিবাস ভবন। যেখানে থাকার কথা ছিল ২৫ জন ষাটোর্ধ্ব অসহায় প্রবীণ নারীর। কিন্তু ভবন নির্মাণের তিন বছর পরও প্রবীণ নারীদের ঠাঁই হয়নি সেই নিবাসে। প্রয়োজনীয় জনবলের অভাবে শান্তিনিবাস চালু করতে পারেনি কর্তৃপক্ষ।
সরেজমিন দেখা যায়, প্রবীণ নারীদের নিরাপদ আশ্রয় দেওয়ার লক্ষে নির্মিত শান্তিনিবাসে অন্ধকার আর ধুলোর স্তূপ। দীর্ঘ সময় ধরে এটি চালু না হওয়ায় সরকারি অর্থে নির্মিত ভবন উপকারভোগীদের কোন কাজে আসেনি। জনবল নেই, নেই নিয়মিত কার্যক্রম, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। লিফট পরিচালনার চুক্তির মেয়াদও শেষ হয়েছে। ভেতরে থাকা দামি আসবাবপত্র, শরীরচর্চার যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রী দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেগুলোর কার্যকারিতা ও স্থায়িত্ব হারাচ্ছে। যাদের পদচারণে মুখর হওয়ার কথা ছিল ভবনটি, তাদের অনুপস্থিতিতে সেখানে এখন পড়েছে ধুলোর আস্তর। বাসা বেঁধেছে মাকড়সা ও নানা ধরনের পোকামাকড়।
ভবন ঘুরে দেখা যায়, শান্তিনিবাসের সব কক্ষ তালাবদ্ধ। বাইরে থেকে ভবনটি যতটা আকর্ষণীয়, ভেতরের পরিবেশ তার বিপরীত। নিচতলার বিশাল ডাইনিং রুমে পড়ে রয়েছে আসবাবপত্র। শরীরচর্চার জন্য রাখা আধুনিক যন্ত্রপাতি এবং স্বাস্থ্যসেবা কর্নারের চিকিৎসা সরঞ্জামেও জমেছে ধুলোর আস্তর। প্রবীণ নারীদের থাকার জন্য তৈরি কক্ষগুলো পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পুরো ভবন অন্ধকারাচ্ছন্ন। প্রয়োজনীয় জনবল না থাকায় নিয়মিত পরিচর্যা ও কার্যক্রম পরিচালনার ব্যবস্থাও গড়ে ওঠেনি।
লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, অসহায়, পরিত্যক্ত ও অবহেলিত প্রবীণ নারীরে নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে ২০২২ সালের ১৬ আগস্ট লালমনিরহাট শহরের সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে শান্তিনিবাস নির্মাণের কাজ শুরু হয়। ২০২৩ সালে ৮ কোটি ১ লাখ ৪১ হাজার ৩২৯ টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ হয়। একই প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগে সরকারি শিশু পরিবারের অভ্যন্তরে আটটি শান্তিনিবাস নির্মাণ করা হয়। রংপুর বিভাগের শান্তিনিবাসটি নির্মিত হয় লালমনিরহাটে। প্রকল্পটির মূল লক্ষ্য ছিল অসহায় ও আশ্রয়হীন প্রবীণ নারীরে জন্য নিরাপদ আবাসন এবং প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছর পরেও প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না।
শান্তিনিবাস দেখভালের দায়িত্বে আছেন লালমনিরহাট সরকারি শিশু পরিবার (বালিকা) এর উপ-তত্ত্বাবধায়ক মোছা. হাওয়া বেগম। তিনি জানান, সরকারি শিশু পরিবারের ক্যাম্পাসে শান্তিনিবাস ভবনটি নির্মিত হয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় সেটি চালু করা সম্ভব হয়নি। এ কারণে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভবনটির দেখভাল করছেন।
লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তরের একটি প্রকল্পের অংশ হিসেবে শান্তিনিবাস নির্মাণ করা হয়েছে। সেখানকার পদ সৃজন এর কাজ শেষ পর্যায়ে রয়েছে। পদ সৃজন করে দ্রুত চালু করা হবে বলেও জানান তিনি।