পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

পূর্ব সুন্দরবনের দুবলারচর আলোরকোলে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারে নীল জলরাশি আর হাজারো পুণ্যার্থীর পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব। এবারের রাস উৎসবে প্রায় ১০ হাজার পুণ্যার্থী অংশ নেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সূর্যোদয়ের আগে থেকেই সাগরের তীরে সমবেত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনা শেষে বঙ্গোপসাগরের নোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবারের রাস উৎসবের অন্যতম আনুষ্ঠানিকতা। স্নানের মাধ্যমে হাজারো পুণ্যার্থী তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন।

এর আগে রোববার (২২ নভেম্বর) দুবলার চরের আলোরকোলের অস্থায়ী মন্দিরে প্রতিমা স্থাপন ও সোমবার (২৩ নভেম্বর) রাতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় দুই শতাব্দী পুরোনো এই রাস উৎসব শুরু হয়। এই অনুষ্ঠানকে ঘিরে সুন্দরবনে ছিল এক উৎসবের আমেজ। মঙ্গলবার পুণ্যস্নানের আগে ভক্তকুল মন্দিরে মানত পরিশোধ করেন ও পাপমুক্ত হওয়ার জন্য স্নানকার্যাদি সম্পন্ন করেন।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রাস পূর্ণিমার এই পুণ্যস্নানের মাধ্যমে পাপমোচন ও পূণ্যলাভ হয়। তাই প্রতিবছর এই উৎসবকে ঘিরে সুন্দরবনের দুবলার চরে ছুটে আসেন হাজারো ভক্ত ও দর্শনার্থী। তিন দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনের নির্জন চরাঞ্চল পরিণত হয় ধর্মীয় মিলনমেলায়। পূজা-অর্চনা, ভক্তিমূলক আয়োজন ও পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এছাড়াও তিন দিনব্যাপী এই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুণ্যার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সুন্দরবনে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। উৎসবে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এ বছর রাস পূজায় হিন্দু ধর্মের প্রায় ১০ হাজার তীর্থযাত্রী উপস্থিত হন। মঙ্গলবার সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই উৎসবের। তিনি আরও বলেন, খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাস উৎসব শেষ করেছি। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মতো করে নিয়ম মেনে পূজা-অর্চনা ও পুণ্যস্নান করেছেন। স্নান শেষে লঞ্চ, ট্রলার ও নৌকায় করে পুণ্যার্থীরা নির্দিষ্ট রুট দিয়ে গন্তব্যে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন।

জেএম
আরও পড়ুন