প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, জামায়াত নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক প্রতিবন্ধী জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চুনারুঘাট উপজেলা জামায়াতের এক জরুরি সাংগঠনিক সভায় নুরুল ইসলাম সাজলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গজারিয়া পাড় এলাকায় এক প্রতিবন্ধী জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত অবস্থায় নুরুল ইসলামকে গ্রামবাসী আটক করেন বলে অভিযোগ রয়েছে।

পরে বিষয়টি নিয়ে ন্যায়বিচারের আশ্বাস দিয়ে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের মধ্যস্থতায় প্রাথমিকভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। এরপর নুরুল ইসলামকে তার বড় ভাই কাজল মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি সামনে আসার পর উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতারা অভিযোগটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে নুরুল ইসলামকে ইউনিয়ন জামায়াতের সভাপতির পদসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বলেন, ‘নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের যে অভিযোগ উঠেছিল, সেটির সত্যতা নিশ্চিত হওয়ার পর স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গাজীপুর ইউনিয়নে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে নুরুল ইসলামের মুঠোফোনে সাংবাদিক পরিচয়ে যোগাযোগ করা হলে তিনি ফোনটি কেটে দেন। পরে আবার ফোন করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।