থানায় ধর্ষণের অভিযোগ দেওয়ায় বাবাকে হত্যা

সিলেটের গোয়াইনঘাট থানায় মেয়েকে ধর্ষণ করার অভিযোগ দেওয়ায় বাবা কলিম উল্লাহকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আমির উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নিহতের ভাই সয়ফুল্লাহ পলাতক রয়েছেন।

গ্রেপ্তারকৃত আমির উদ্দিন ওই গ্রামের সয়ফুল্লাহর ছেলে।

পুলিশ জানায়, নিহত কলিম উল্লাহর এক মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তার ভাই সয়ফুল্লাহর ছেলে জুবের আহমদের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও কোনো প্রতিকার না পাওয়ায় শনিবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দেন কলিম উল্লাহ।

অভিযোগ পাওয়ার পর গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাৎক্ষণিকভাবে জুবের আহমদেকে আটকের জন্য পাঠান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে জুবের হাওরে ক্ষেতে কাজ করছেন। পরে কলিম উল্লাহ পুলিশ সদস্যদের নিয়ে হাওরের দিকে রওনা হন। এ সময় ধারালো অস্ত্রহাতে পিছন থেকে দৌড়ে গিয়ে সয়ফুল্লাহ এলোপাতাড়ি কুপাতে থাকেন। এতে উপর্যুপরি আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন কলিম উল্লাহ। পরে মুমূর্ষু অবস্থায় তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।