দেড় হাজার টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৭

সুনামগঞ্জের দিরাইয়ে এক হাজার ৫০০ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে দিরাই পৌর শহরের ঘাগটিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল হাফিজ (৪০), আব্দুর রহিম (৬৫), আব্দুল মুকিত (৪৫), ইমন (২১), আশিক মিয়া (৪০), সাব্বির মিয়া (২৬) ও জুয়েল (৪০)।

স্থানীয়রা জানান, গত সোমবার এক হাজার ৫০০ টাকা পাওনা নিয়ে আব্দুল হাফিজ ও জুয়েল মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আব্দুর রহিম, ইমন ও সাব্বির মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পাওনা টাকাকে কেন্দ্র করেই বিরোধ ও সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।