হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সোহাগ মিয়া সীমান্তবর্তী এলাকায় গরু চড়াতে যান। এ সময় তাঁর একটি গরু সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে চলে যায়। গরুটি আনতে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে স্থানীয়দের দাবি।
পরে স্থানীয়রা সীমান্ত এলাকায় সোহাগকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মুনিরা মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আব্দুল কাদির বলেন, প্রতিদিনের মতো সোহাগ সীমান্ত এলাকায় গরু চড়াতে গিয়েছিলেন। গরু ভারতীয় অংশে চলে যাওয়ার পর সেটি আনতে গেলে বিএসএফ তাঁকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুম মুনিরা বলেন, পরিবারের সদস্যরা সোহাগকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্ভবত চোরাচালানের গরু আনতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন। বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।