হবিগঞ্জের বানিয়াচংয়ে গোসলরত নারীদের গোপনে মোবাইল ফোনে ছবি ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কাটখাল গ্রামের একটি পুকুরে কয়েকজন নারী গোসল করার সময় স্থানীয় এরাজত মিয়ার দুই ছেলের বিরুদ্ধে তাদের গোপনে মোবাইল ফোনে ছবি ধারণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের লোকজনের সঙ্গে এরাজত মিয়ার পক্ষের লোকজনের বিরোধ দেখা দেয়।
এর জেরে রোববার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় নেতৃবৃন্দও সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, গোসলরত নারীদের গোপন ছবি মোবাইল ফোনে ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাকুন্দিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন