বিমার প্রথম কিস্তির পর বজ্রপাতে মৃত্যু, লিটনের পরিবার পেল ২ লাখ ১৮ হাজার টাকা

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে নিহত কৃষক লিটন সরকারের পরিবারকে ২ লাখ ১৮ হাজার টাকার বিমা দাবির চেক দিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বিমার প্রথম কিস্তি জমা দেওয়ার মাত্র তিন দিনের মাথায় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে মাধবপুরের সুরমা উৎসব মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে চেকটি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার সুশান্ত চন্দ্র শীল।

এতে প্রধান অতিথি ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী। এ সময় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামসুল আরেফিন ভূঁইয়া, ইউনিট ম্যানেজার আলম মিয়া ও প্রাণেশ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে লিটন সরকার (২৮) গত ১৪ সেপ্টেম্বর সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ১২ বছর মেয়াদি একটি বিমা পলিসি খোলেন। মাসিক দুই হাজার টাকা কিস্তির ওই পলিসির প্রথম কিস্তিও পরিশোধ করেছিলেন তিনি।

কিন্তু পলিসি খোলার মাত্র তিন দিন পর, ১৭ সেপ্টেম্বর মাঠে কাজ করার সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।

লিটন সরকারের পরিবারে রয়েছেন মা-বাবা, স্ত্রী ও তিন বছর বয়সী এক ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি আর্থিক অনিশ্চয়তায় পড়ে। বিমার অর্থ পেয়ে পরিবারটি কিছুটা আর্থিক সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে।