হবিগঞ্জে জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় নোয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ কয়েকজন জড়িত বলে অভিযোগ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি নামক স্থানে বুধবার (৪ নভেম্বর) ভোরে জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের নজরে আসে বিষয়টি। পরে অনুসন্ধানে অভিযুক্ত ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে তেল মজুতের কাজে ব্যবহৃত বড় দুটি পানির ট্যাংক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া বাড়িতে তেল রাখার জন্য তৈরি দুটি বড় গর্তের সন্ধান পাওয়া যায়।
জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, আগের রাতে ইসলাম উদ্দিন ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করেন। এ সময় তিনি নিরাপত্তাকর্মীদের সেখানে যেতে বাধা দেন। জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ইসলাম উদ্দিনসহ সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
একই অঞ্চলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট তেল চুরি হয়েছে। জিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, ‘পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে তেল চুরি করা হতো।’
অভিযুক্ত ইসলাম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিটিসিএল অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি
সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের