মাধবপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা-মোবাইল ছিনতাই

হবিগঞ্জের মাধবপুর-ধর্মঘর সড়কে গভীর রাতে শরিফ মিয়া নামের এক ব্যবসায়ীকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) চৌমুহনীর শান্তিবাগ এলাকায় এই ঘটনা ঘটে। আহত শরিফ মিয়া উপজেলার দেবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে মাধবপুর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে চৌমুহনীর শান্তিবাগ এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে মারধর করে। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। পরে শরিফ মিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।