হবিগঞ্জে চা বাগানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক ‘হবিগঞ্জ খবর’-এর সম্পাদক ও প্রকাশক শাহ মো. হুমায়ুন কবির (৬০)। 

চা-বাগানের অনিয়ম-দুর্নীতি এবং শ্রমিকদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসা এই সাংবাদিকের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগকে পরিকল্পিত ষড়যন্ত্র দাবি করেছেন হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার (১৮ নভেম্বর) তেলিয়াপাড়া চা-বাগান থেকে তাকে আটক করা হয়।

হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে চা-বাগানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, শ্রমিকদের অধিকার ও বঞ্চনার বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। ন্যাশনাল টি কোম্পানিসহ বিভিন্ন চা-বাগানের কথিত অনিয়ম এবং শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেছেন তিনি। তাঁর দাবি, এসব সংবাদ প্রকাশের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

তবে মামলার অভিযোগে ভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে। তেলিয়াপাড়া চা-বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে মাধবপুর থানায় মামলাটি করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনে সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে মাসে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানি সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তার দাবি, আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য বুধবার দুপুরে তেলিয়াপাড়া চা-বাগানে গিয়েছিলেন তিনি। ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে আগে একাধিক সংবাদ প্রকাশ করায় পূর্বের বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশ উদ্দিন বলেন, ‘শাহ হুমায়ুন কবির একজন মুরুব্বি ও জ্যেষ্ঠ সাংবাদিক। ন্যাশনাল টি কোম্পানিসহ বিভিন্ন চা-বাগানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন। চা-শ্রমিকদের পক্ষে তার প্রতিবাদী লেখালেখি ও বক্তব্যও দীর্ঘদিনের। তার গ্রেপ্তারের ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।’

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, হুমায়ুন কবিরকে তেলিয়াপাড়া চা-বাগানে আটক রেখে থানায় খবর দেওয়া হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হলে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

চা-বাগানের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ ও শ্রমিকদের অধিকার নিয়ে লেখালেখির কারণে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কি না, নাকি মামলার পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে—তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সাংবাদিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শাহ মো. হুমায়ুন কবির শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহের ছেলে।