আমির হোসেন আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে বর্তমানে প্রায় সাড়ে সাত কোটি টাকা জমা রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদন থেকে জানা যায়, আমির হোসেন আমুর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, দেশি-বিদেশি মুদ্রাপাচার ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে তার নামে বিভিন্ন ব্যাংকে আটটি হিসাবের সন্ধান মেলে, যেখানে মোট ৭ কোটি ৫১ লাখ টাকা জমা রয়েছে।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে, এই অর্থ অপরাধলব্ধ এবং তা আড়াল করতে বা পাচার করতেই ব্যাংকে রাখা হয়েছিল। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে এই হিসাবগুলো দ্রুত ফ্রিজ করা প্রয়োজন ছিল। আদালতের আদেশের ফলে এখন থেকে এসব হিসাব থেকে কোনো টাকা উত্তোলন বা স্থানান্তর করা যাবে না।