কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে মোবারক হোসেন নামে এক কবিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুল মোতালেব মজুমদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার দিনই অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডিত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন। ঝাড়ফুঁক ও কবিরাজির কাজের পাশাপাশি নগরীর বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবেও দায়িত্ব পালন করতেন।
জিজ্ঞাসাবাদে মোবারক জানান, ঝাড়ফুঁকের সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে তার পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।
তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় তিনি ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি তার মা তাহমিনা বেগম দেখে ফেলায় প্রথমে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন মোবারক। পরে সুমাইয়াকেও হত্যা করেন তিনি।
এ ঘটনায় করা মামলার বিচার শেষে আদালত মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার আদেশ দেন।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি
৫ বর্গমিটারের ঘরের ভাড়া ৫০০ ডলার