কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের (৫২) জামিন স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, হাইকোর্ট হাফিজুর রহমানকে যে জামিন দিয়েছিলেন, চেম্বার আদালত তা স্থগিত করেছেন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে, জামিন আবেদনের শুনানি শেষে গত ২ আগস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার ৬ মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। সেই আদেশের পর ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে। আবেদনটি বৃহস্পতিবার (৬ আগস্ট) আদালতের সম্পূরক কার্যতালিকায় ওঠে।
অ্যাটর্নি-জেনারেল কার্যালয় সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে চেম্বার আদালতের বিশেষ অনুমতি নিয়ে আবেদনটি শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইয়ের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা জানান, তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে প্রথমবার গ্রেপ্তারের পর তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরে ডিএনএ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়।