প্রাথমিক স্তরে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষার্থী ভর্তিতে যেকোনো ধরনের পরীক্ষা বন্ধ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে বাণিজ্যিক প্রকাশনীর অতিরিক্ত বই নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষায় বাধাহীনভাবে ভর্তির আইনি অধিকার রয়েছে। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়নের মাধ্যমে প্রাথমিক স্তরে শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করা হচ্ছে। এটি মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং এখতিয়ারবহির্ভূত বলে রিটে উল্লেখ করা হয়েছে। আবেদনে আরো বলা হয়, এ ধরনের ভর্তি পরীক্ষা শিশুদের মধ্যে ভীতি ও মানসিক চাপ তৈরি করছে। এতে তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
রিটে অভিযোগ করা হয়েছে, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’-এর বিধান অমান্য করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এনসিটিবির অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে বাণিজ্যিক প্রকাশনীর সহায়ক বই ও গাইড পড়তে শিশুদের বাধ্য করছে। প্রকাশনীগুলোর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগসাজশে শিশুদের ওপর অতিরিক্ত বইয়ের বোঝা চাপানো হচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি চিন্তাশক্তির বিকাশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আবেদনে দাবি করা হয়েছে।
এ ছাড়া রিটে ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’-এর বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতিতে শিশুদের জন্য এক বছরের সরকার অনুমোদিত প্রাক্-প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে। তবে এর বাইরে দেশজুড়ে বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ নামে একাধিক স্তরের কোর্স চালু রয়েছে। এসব অননুমোদিত কোর্সের মাধ্যমে শিশুদের শিক্ষা কার্যক্রমকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে বলে রিটে উল্লেখ করা হয়েছে।