জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

১৪৪৮ হিজরি সনের পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর)।

এদিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

চাঁদ দেখার তথ্য জানাতে ০২-৪১০৫০৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩০৮৩০৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ছাড়া চাঁদ দেখার সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, সংবাদ সংস্থা বাসস এবং প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন