১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর আদালতে রিটের পক্ষে শুনানি করেন।
রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। মসংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ। শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ, অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।