দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল জারি

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম

বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায় ও পরিশোধের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আইন সচিব, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার।এর আগে, গত ৫ জুলাই জনস্বার্থে এ রিট দায়ের করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার আওতায় দেনমোহর আদায় ও পরিশোধ সংক্রান্ত একটি বিস্তৃত নির্দেশিকা প্রণয়ন ও জারির প্রয়োজন রয়েছে। বিদ্যমান আইনে এ বিষয়ে স্পষ্ট নীতিমালার অভাব থাকায় বাস্তব প্রয়োগে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে।

রিটে আরও বলা হয়, বিশেষ করে বিয়ের এক বছর বা তারও পরে দেনমোহর পরিশোধের ক্ষেত্রে মূল্যায়ন, আদায় এবং পরিশোধের পদ্ধতি নির্ধারণে একটি সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। এ ধরনের নির্দেশিকা প্রণয়ন করা হলে বিবাহিত নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ আরও কার্যকরভাবে সুরক্ষিত হবে এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ১০ নম্বর ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হবে।

Attr
আরও পড়ুন
সর্বশেষপঠিত