এক যুগ আগে নারায়ণগঞ্জে চাঞ্জল্যকর সাত খুন মামলায় ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল এবং ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। প্রথম দিনের শুনানিতে হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
বুধবার (২৪ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। প্রথম দিনে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক। শুনানিতে উপস্থিত ছিলেন আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, মোহাম্মদ জাকির হোসেনসহ অন্যান্য আইনজীবীরা।
শুনানির পর রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, হাইকোর্টের রায়টি বহাল রাখার পক্ষেই আমাদের অবস্থান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেক সাঈদের স্বীকারোক্তি তুলে ধরে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যেসব র্যাব সদস্য অপারেশন পরিচালনা করেছিলেন, তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার পূর্বাপর উঠে এসেছে। তৎকালীন কর্নেল জিয়ার (জিয়াউল আহসান) ভূমিকার কথা বর্ণনা করা হয়েছে। পরবর্তী যুক্তিতর্কে এ বিষয়ে আরও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হবে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোডের লামাপাড়া এলাকায় র্যাবের সদস্যরা চেকপোস্ট বসিয়ে কাউন্সিলর নজরুলের গাড়ি থামান। র্যাব ওই গাড়ি থেকে নজরুল, তার তিন সহযোগী ও গাড়িচালককে তুলে নিয়ে যায়। এ সময়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন আইনজীবী চন্দন সরকার। তিনি অপহরণের ঘটনা দেখে ফেলায় তাকে ও তার গাড়িচালককে র্যাব তুলে নিয়ে যায়। পরে তাদের সবাইকে হত্যা করে ওই রাতেই পেট কেটে এবং ইটের বস্তা বেঁধে সবার লাশ শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেয়। ওই বছরের ৩০ এপ্রিল ছয়জন ও পরদিন একজনের লাশ ভেসে ওঠে।
এই ঘটনায় দুটি মামলা হয়, একটির বাদী নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম এবং অপরটির বাদী আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। দুটি মামলা একসঙ্গে তদন্ত শেষে সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল।
২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে র্যাবের সাবেক ১৬ কর্মকর্তা-সদস্য এবং নূর হোসেন ও তার ৯ সহযোগীসহ মোট ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ ছাড়া আরো ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। এ ছাড়া দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ২৮ আসামি হাইকোর্টে আপিল করেন। আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০১৭ সালের ২২ আগস্ট সাত খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। হাইকোর্টের রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫ আসামি হলেন- সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানা, হাবিলদার মো. এমদাদুল হক, এ বি মো. আরিফ হোসেন, ল্যান্স নায়েক হিরা মিয়া, ল্যান্স নায়েক বেলাল হোসেন, সিপাহি আবু তৈয়ব আলী, কনস্টেবল মো. শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক আবদুল আলিম, সৈনিক মহিউদ্দিন মুনশি, সৈনিক আল আমিন ও সৈনিক তাজুল ইসলাম।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ আসামি হলেন সৈনিক আসাদুজ্জামান নুর, সার্জেন্ট এনামুল কবির এবং নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদ, মিজানুর রহমান, রহম আলী, আবুল বাশার, মোর্তুজা জামান, সেলিম, সানাউল্লাহ, শাহজাহান ও জামালউদ্দিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেক সাঈদ আওয়ামী লীগ সরকারের সাবেক ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা হওয়ায় বিষয়টি তখন ভিন্ন মাত্রা পেয়েছিল। ২০১৮ সালের ১৯ নভেম্বর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পরে আসামিরা আপিল করেন।