রাজধানীর মিরপুর-১০ এলাকায় আবারও অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় অভিযানে মিরপুর-১০ এলাকার ফুটপাত দখল করে বসা হকারদের সরিয়ে দেওয়া হয়। এ সময় প্রশাসক জানান, মিরপুরকে ফুটপাত ও অবৈধ দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে কিছু লোক আবারও মিরপুরের বিভিন্ন ফুটপাতে বসার চেষ্টা করছিলেন।
বিষয়টি জানতে পেরে বুধবার প্রশাসক নিজেই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের মাধ্যমে আবারও মিরপুর-১০ এলাকার ফুটপাত হকারমুক্ত করা হয়। উচ্ছেদ অভিযান চলাকালে মিরপুর-১০ ফুট ওভারব্রিজের সংস্কারকাজও পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। এ সময় তিনি সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।
প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ মজুরিকাঠামো হয়েছে: মাহদী আমিন
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির