নিজস্ব প্রতিবেদক: গুলশানের হলি আর্টিজানে ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ সব ধরনের অনলাইন প্লাটফর্মে প্রচার ও প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
গত ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পায় ‘ফারাজ’।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এ বিষয়ে আইনজীবী আহসানুল করীম বলেন, ভারতীয় সিনেমাটিতে অবিন্তার পোশাক পরিচ্ছেদ এমনভাবে দেখানো হয়েছে আমাদের সভ্য সমাজে যারা শিক্ষিত পরিবার তারা এসব পোশাক কখনও পরিধান করে না। এখানে মেয়েটিকে চারিত্রিকভাবে অবনমিত করা হয়েছে।
বাংলাদেশের র্যাব পুলিশকে এখানে ব্যর্থ দেখানো হয়েছে। এসব কারণে বাংলাদেশের কোনো ফ্ল্যাটফর্মে মুভিটা আসা উচিত না, তাই রিট করা হয়েছে। আদালত এ মুভিটা কাল সাড়ে নয়টায় দেখবেন। তারপর আদালত মতামত দেবেন বলে জানান আইনজীবী আহসানুল করীম।
আবেদনে তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (বিটিআরসি) ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে ভারতে প্রযোজিত সিনেমা ফারাজ বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শন এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার স্থায়ীভাবে নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শন এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
#কেকে