এস আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলে নেয়। এরপর গ্রুপটি ব্যাংক থেকে নামে-বেনামে এক লাখ কোটি টাকার বেশি অর্থ তুলে নেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি। বর্তমানে এসব ঋণ একে একে খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিলামে তুলে আনা হচ্ছে। সব মিলিয়ে ইসলামী ব্যাংক বড় ধরনের সংকটে পড়েছে।

চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকও দখল করে। সব মিলিয়ে তারা ৮টি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়।

এদিকে আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০টি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।