শ্যামপুরে রড চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

রাজধানীর শ্যামপুর পোস্তগোলা এলাকায় বিআইডব্লিউটিএ-এর একটি নির্মাণাধীন প্রকল্পে রড চুরির অভিযোগে গণপিটুনিতে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এই গণধোলাইয়ের ঘটনা ঘটে এবং সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ-এর নতুন প্রজেক্টের ভেতরে রড চুরি করতে যান আব্দুর রহিম। এ সময় সেখানে থাকা লোকজন তাকে টের পেয়ে ধরে ফেলে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রড চুরির অভিযোগে ওই যুবককে গণপিটুনি দেওয়া হয়েছিল। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।’

তিনি আরও জানান, নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।