ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির মায়ের লিখিত অভিযোগের পর বুধবার দুপুরে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
আটক ব্যক্তি গাজী এইচ এম রবিউল আওয়াল। তিনি সাভারের কামাল গার্মেন্টস এলাকার হেরার আলো মডেল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ওই শিশুশিক্ষার্থীর আরবি পরীক্ষার ফল খারাপ হয়। বিষয়টি জানতে পেরে অধ্যক্ষ রবিউল আওয়াল তাকে আলাদাভাবে পড়ানোর প্রস্তাব দেন। মেয়ের পড়াশোনার উন্নতির কথা বিবেচনা করে তার মা ওই প্রস্তাবে সম্মতি দেন।
এরপর থেকে শিশুটি নিয়মিত অধ্যক্ষের কক্ষে গিয়ে আরবি পড়াশোনা করত। অভিযোগ রয়েছে, এই সুযোগে অধ্যক্ষ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে শিশুটিকে আপত্তিকরভাবে স্পর্শ করতেন। বিষয়টি অন্য কাউকে জানালে তাকে ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত সোমবার দুপুরে অধ্যক্ষ তাঁর কক্ষে শিশুটিকে একইভাবে আপত্তিকরভাবে স্পর্শ করেন। এতে আতঙ্কিত হয়ে শিশুটি কান্না শুরু করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, সোমবারের ঘটনার পর মাদ্রাসা থেকে বাড়ি ফিরে তাঁর মেয়ে কান্নাকাটি করতে থাকে। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ গাজী এইচ এম রবিউল আওয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শয়তানের ধোঁকায় পড়ে’ তিনি এমনটি করেছেন।
এদিকে অভিযুক্ত অধ্যক্ষের স্ত্রী হাফিজা বেগম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত ছিলেন এবং বিষয়টি শিশুটির মাকেও জানিয়েছিলেন। তাঁর স্বামী ওই শিশুটিকে বিয়ে করার কথা তাঁকে জানিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ভুক্তভোগী শিশুটির মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত অধ্যক্ষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।