আজিমপুরে অপহৃত শিশু উদ্ধার

রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। র‌্যাব জানায়, পাশাপাশি মোহাম্মদপুর থেকে করা হয়েছে গ্রেপ্তার অভিযুক্ত অপহরণকারীকে । শনিবার (১৬ নভেম্বর) সকালে এ তথ্য জানা গেছে। 

এ বিষয়ে শনিবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসায় সাবলেটে ভাড়া থাকতেন তিনি। ফারজানার সঙ্গে তার স্বামীর বনিবনা না হওয়ায় তিনি একাই ওই বাসায় থাকতেন। তবে কিছুদিন আগে তার সঙ্গে ফাতেমা আক্তার শাপলা নামে ‘পেয়িং গেস্ট’ হিসেবে ওঠেন সন্দেহভাজন এক নারী।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে একদল ডাকাত তার বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকে নিয়ে যায়।

স্বজন ও প্রতিবেশীরা বলছেন, বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ‘পেয়িং গেস্ট’ হিসেবে ওই বাড়িতে ওঠা সেই নারী শুক্রবার সকালবেলা আরও তিনজন পুরুষ সহযোগীসহ শিশুটিকে নিয়ে চলে যান। অপহৃত কন্যা শিশুটির নাম জাইফা, বয়স মোটে আট মাস, সে এখনও মায়ের দুধ খায়।

নাম প্রকাশ না করার শর্তে ফারজানার এক সহকর্মী জানিয়েছিলেন, সহকর্মীর বাসায় ডাকাতি হয়েছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে শোনেন, ডাকাতেরা তার শিশুসন্তানকে নিয়ে গেছে।

সবশেষ জানা গেছে, ওই বাসার পেয়িং গেস্ট ফাতেমা আক্তার শাপলাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে র‌্যাব। শিশু জাইফাকে তার মার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।