ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে ‘রমাদান ইন ইয়াং হার্টস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কলেজ অডিটোরিয়ামে ‘ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাব ও কাহফ কিডস’-এর যৌথ উদ্যোগে এই প্রি-রমজান সচেতনতামূলক সেমিনারটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র উপাধ্যক্ষ ফাতেমা জোহরা। তিনি তার উদ্বোধনী বক্তব্যে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধির গুরুত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক ও চরিত্র গঠনে রমজানের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের রমজানের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, লেখক ও শিশু-প্যারেন্টিং অ্যাক্টিভিস্ট জনাব জাহিদ হাসান। তিনি তার আলোচনায় পবিত্র রমজান মাসকে কিভাবে সঠিকভাবে কাজে লাগানো যায়, রমজানের করণীয় ও বর্জনীয়, শিশু ও কিশোরদের মানসিক প্রস্তুতি, পরিবারকেন্দ্রিক ইবাদতের গুরুত্ব এবং রমজানের পাশাপাশি ঈদকে সামনে রেখে প্রস্তুতি ও করণীয় বিষয়েও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবসমূহের কো-অর্ডিনেটর ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: জাহেদুল হক।
এছাড়াও ক্লাবের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ক্লাবের মডারেটর ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইবরাহিম আল মামুন এবং কার্যনির্বাহী সদস্য মুনতাসির আলম অর্পন।
আলোচনার পাশাপাশি সেমিনারটিতে ছিল প্রাণবন্ত কুইজ সেশন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। কুইজ বিজয়ীদের এবং উপস্থিতিদের জন্য ছিল আকর্ষণীয় উপহারের ব্যবস্থা, যা শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ যোগায়।
শিক্ষক, অভিভাবক ও প্রায় ৭ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত এই সেমিনারটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর।
অংশগ্রহণকারীরা জানান, রমজান ও ঈদের প্রস্তুতির বিষয়ে এমন দিকনির্দেশনামূলক আয়োজন সত্যিই তাদেরকে মুগ্ধ করেছে।