বেরোবির ২ শিক্ষক সাময়িক বহিষ্কার

যৌন হয়রানির অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য সচিব ড. মো. হারুন অর রশীদ। এর আগে ‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হয় এই সিদ্ধান্ত।

‎বহিষ্কৃত দুই শিক্ষক হলেন— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম। একই সাথে ড. শাকিবুল ইসলাম আর কখন‌ই মেয়েদের সুপারভাইজার হতে পারবেন না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য সচিব ড. মো. হারুন অর রশীদ বলেন, তদন্ত কমিটি এই দুই শিক্ষকের ব্যাপারে শাস্তির সুপারিশ করেছে। শাস্তি নির্ধারণ করবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাদেরকে ট্রাইবুনালে ন্যস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে সুনির্দিষ্ট শাস্তি আশা অবধি তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।