‘ডার্লিং তোমার জন্য প্রশ্ন জোগাড় করেছি’, প্রশ্ন ফাঁসের টোপ দিয়ে ছাত্রীকে হয়রানি

আপডেট : ১৭ মে ২০২৬, ০৯:৫৩ পিএম

ভারতের উত্তরপ্রদেশের লখনউ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে এক সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত অধ্যাপকের নাম পরমজিৎ সিং, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান (Zoology) বিভাগের শিক্ষক। ছাত্রীর সঙ্গে তার আপত্তিকর ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়।

শনিবার (১৬ মে) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বিএসসি পড়ুয়া ওই ছাত্রীকে পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দেখা করার জন্য অনৈতিক চাপ দিচ্ছিলেন পরমজিৎ সিং। ফাঁস হওয়া অডিওতে ওই অধ্যাপককে বলতে শোনা যায়, ‘ডার্লিং, তোমার জন্য দুটি প্রশ্নপত্র জোগাড় করেছি। কবে দেখা করতে আসবে?’ জবাবে ওই ছাত্রী জানান যে তার পড়াশোনা শেষ এবং প্রশ্নপত্রের প্রয়োজন নেই। এরপরও অধ্যাপক তাকে পরীক্ষার আগের সাত দিনের মধ্যে দেখা করতে বারবার চাপ দেন।

ছাত্রীর অভিযোগ, তাকে শারীরিকভাবে হেনস্তার উদ্দেশ্যেই ওই শিক্ষক বারবার তাকে নিভৃতে ডাকছিলেন। পরে ওই ছাত্রী দুটি অডিও ক্লিপ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিলে লখনউ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

এই ন্যাক্কারজনক ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় একটি উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জে পি সাইনি কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করলেও পরমজিৎ সিং দাবি করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের ‘অভ্যন্তরীণ রাজনীতির’ শিকার করে তাকে ফাঁসানো হচ্ছে।

ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করে এমন আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

FJ
আরও পড়ুন