বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় ২০২৬ সালের জন্য তাদের বিশেষ ফ্রি অনলাইন কোর্স প্রোগ্রাম চালু করেছে। এর ফলে বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী ও পেশাজীবীরা এখন ঘরে বসেই আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয়ের কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন কোর্সগুলো বিশ্বখ্যাত লার্নিং প্ল্যাটফর্ম ‘এডুএক্স’ (edX)-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। বর্তমানে এখানে ৬০টিরও বেশি কোর্স সচল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ম্যানেজমেন্ট, আর্টস এবং সামাজিক বিজ্ঞান।
চীনের বেইজিংয়ে ১৯১১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি একাডেমিক উৎকর্ষের জন্য বিশ্বব্যাপী পরিচিত। সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও মেডিসিনে আধুনিক গবেষণার জন্য সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম সারির শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণ।
এই প্রোগ্রামের সবচেয়ে বড় সুবিধা হলো, শিক্ষার্থীরা চাইলে সম্পূর্ণ বিনা মূল্যে ‘অডিট ট্র্যাক’-এ কোর্সগুলো করতে পারবেন। তবে কোর্স শেষে যারা ভেরিফায়েড বা স্বীকৃত সার্টিফিকেট পেতে চান, তাদের নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। সব কোর্সই ‘Self-paced’ অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো সময় ও গতিতে এটি শেষ করতে পারবেন।
সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের এই কোর্সগুলোতে অংশ নিতে কঠোর কোনো শর্ত নেই:
- বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।
- আবেদনের জন্য কোনো নির্দিষ্ট বয়সের বাধ্যবাধকতা নেই।
- অধিকাংশ কোর্সের ক্ষেত্রে আগে থেকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় অধ্যাপকদের কাছ থেকে নতুন দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিকভাবে মানসম্মত শিক্ষায় নিজেকে সমৃদ্ধ করার এটি একটি অনন্য সুযোগ। বিশেষ করে শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য দক্ষতা বাড়ানোর জন্য এটি অত্যন্ত সহায়ক।
আগ্রহীদের সরাসরি edX.org ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর পছন্দের কোর্সে নিবন্ধন (Enroll) করলেই শেখা শুরু করা যাবে। প্রতিটি কোর্সের আবেদনের সময়সীমা আলাদা হতে পারে, তাই আবেদনের আগে নির্দিষ্ট কোর্সের বিস্তারিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।