পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের জন্য ‘ফ্রি নুরানী তাজবিদসহ সহীহ কোরআন শিক্ষা’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল মসজিদে আনুষ্ঠানিকভাবে এই কোরআন শিক্ষা কার্যক্রমের সূচনা হয়। কোর্সটি পরিচালনা করছেন সংশ্লিষ্ট হলের ইমাম ও খতিব হাফেজ কারী মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম বলেন, ‘পবিত্র কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবনবিধান ও হেদায়েতের পথপ্রদর্শক। এই মহিমান্বিত মাসে আত্মশুদ্ধি অর্জন ও আমলের মান বৃদ্ধির জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার এই সুযোগ কাজে লাগাতে আমি বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, ১ রমজান থেকে শুরু হওয়া এই শিক্ষা কার্যক্রম চলবে ২২ রমজান পর্যন্ত। প্রতিদিন বাদ আসর শহীদ রফিক-জব্বার হল মসজিদে নির্ধারিত সময়ে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।