জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। ইউনিটভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ থেকে ৮০০ টাকা। এর সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। সব ইউনিটে ৯০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট এবং ওএমআর পূরণের জন্য অতিরিক্ত পাঁচ মিনিট দেওয়া হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ দশমিক ১২৫ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০ দশমিক ২০ নম্বর কাটা হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইউনিটভেদে পৃথক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য জিপিএর শর্তও আলাদা রাখা হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম গ্রেডের শর্ত পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষার ফল পরীক্ষার সর্বোচ্চ সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট ইউনিট অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।
বিস্তারিত তথ্য, আবেদন ও ভর্তি-সংক্রান্ত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.juniv.edu) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৌদি-ভাবি’ বলে ডাকার কালচার বন্ধ করতে হবে: বিজেপি নেতা
পাকিস্তান তাবলীগের মুরব্বি মাওলানা নযরুর রহমান আর নেই