ঢাকা রেসিডেনসিয়াল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেনের নেতৃত্বে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য প্রভাতফেরি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর ৫২’র ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘রেমিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাব’ এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গল্প বলা, একুশে অলিম্পিয়াড ও ক্যালিওগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন তার বক্তব্যে শিক্ষার্থীদের ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানান।