একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হচ্ছে অন্য কলেজের ক্যাম্পাসে। এতে যাতায়াতের ভোগান্তি, সময়ক্ষেপণ ও নানা অসুবিধার কথা তুলে ধরে নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) শিক্ষার্থীরা। তবে আসন্ন পরীক্ষাগুলোও আগের নিয়মে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৪ নভেম্বর) উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সাতটি অধিভুক্ত সরকারি কলেজের অধ্যক্ষদের সঙ্গে প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত অধ্যক্ষরাও আপাতত আগের ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার বিষয়ে সম্মতি জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা আয়োজনের মতো প্রয়োজনীয় অবকাঠামোগত ও প্রশাসনিক সক্ষমতা এখনো তৈরি হয়নি। এ প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত বর্তমান ব্যবস্থাই চালু থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশনের পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে একাডেমিক পরীক্ষা কার্যক্রম শুরু করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। গত ৩ নভেম্বর শুরু হওয়া এ পরীক্ষা আগামী ১৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলার কথা রয়েছে। এর মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩০ নভেম্বর। নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন—তিন শ্রেণির শিক্ষার্থী এতে অংশ নেবেন।
নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবিতে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, অন্য ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দিতে হলে দূরত্ব, যানজট ও সড়কের অনিশ্চয়তার কারণে বাড়তি ভোগান্তি পোহাতে হয়। অনেকের কাছে অপরিচিত পরীক্ষাকেন্দ্র খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়ে। এ ছাড়া পর্যাপ্ত শৌচাগারসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতিও দুর্ভোগ বাড়ায়।
সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, এক কলেজের শিক্ষার্থীদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হওয়ায় অনেককে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত অবস্থায় পরীক্ষার হলে বসতে হয়। এতে পরীক্ষা শুরুর আগেই শারীরিক ক্লান্তি ও মানসিক চাপ তৈরি হয়। যা পরীক্ষায় মনোযোগ ধরে রাখা এবং প্রত্যাশিত ফল অর্জনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বর্তমান ব্যবস্থায় কলেজভেদে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের কেন্দ্র ইডেন মহিলা কলেজে, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সরকারি বাঙলা কলেজে এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের ইডেন মহিলা কলেজে। অন্যদিকে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পরীক্ষা দেন। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের কেন্দ্র পরস্পরের ক্যাম্পাসে।
উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত আগের নিয়মেই ইয়ার ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা আয়োজনের বিষয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে প্রশাসন একমত। তবে এ জন্য প্রয়োজনীয় সক্ষমতা এখনো তৈরি হয়নি। সক্ষমতা অর্জিত হলে পরবর্তী ইয়ার ফাইনাল পরীক্ষাগুলো নিজ নিজ ক্যাম্পাসে আয়োজনের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজ ছাড়া অন্য কলেজগুলোর শিক্ষার্থীদের এক ক্যাম্পাস থেকে অন্য ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে বড় সমস্যা নেই। কারণ, এ দুটি কলেজ ছাড়া অন্য ক্যাম্পাসগুলো কাছাকাছি অবস্থিত। তবে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে পরীক্ষার দিনগুলোতে বাসের সংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দুই কলেজের প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।
ফলে আপাতত আগের নিয়মেই পরীক্ষা দিতে হবে ডিসিইউর শিক্ষার্থীদের। তবে নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষাকেন্দ্র চালুর দাবি কবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির সিদ্ধান্ত নেবে শৃঙ্খলা পরিষদ
হাসিনা বাংলাদেশে ফিরলেই চিন্ময় কৃষ্ণকে মুক্ত করার উদ্যোগ
হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের