নতুন শিক্ষক নিয়োগে এনটিআরসিএ'র ই-রেজিস্ট্রেশনের সময় বাড়লো

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ই-রেজিস্ট্রেশন ও তথ্য হালনাগাদের সময়সীমা বাড়িয়েছে এনটিআরসিএ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ রাত ১২টা পর্যন্ত এই কার্যক্রমের সুযোগ পাবেন প্রতিষ্ঠান প্রধানরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য অনলাইনে সংগ্রহের জন্য ই-রেজিস্ট্রেশন কার্যক্রম ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজ ২২ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে বিশেষ বিবেচনায় এই সময় ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সময়ের মধ্যে যে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগে রেজিস্ট্রেশন করতে গিয়ে ভুল তথ্য দিয়েছেন, তারা 'এডিট' অপশনের মাধ্যমে তথ্য সংশোধন করার সুযোগ পাবেন।

এনটিআরসিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৫ সালের আইন ও সরকারি পরিপত্র অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। যদি কোনো প্রতিষ্ঠান এই প্রক্রিয়া সম্পন্ন না করে, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোনোভাবেই শূন্যপদের চাহিদা এনটিআরসিএতে পাঠানোর সুযোগ নেই।

সংশ্লিষ্টদের এনটিআরসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে 'ই-রেজিস্ট্রেশন' নির্দেশিকা অনুসরণ করে দ্রুত এই কাজ সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।