মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার ডিজিটাল মনিটরিং সিস্টেমে (ডিএমএস অ্যাপ) আপলোডের সময়সীমা আবারও বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে এই বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে দেওয়া এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, এর আগে সময় বাড়ানো হলেও মাঠ পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা এখনো তাদের পরিদর্শন ক্যালেন্ডার অ্যাপে আপলোড করেননি। নতুন নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১২ এপ্রিলের মধ্যে অবশ্যই ক্যালেন্ডার আপলোড সম্পন্ন করে মাঠ পর্যায়ে পরিদর্শন কার্যক্রম শুরু করতে হবে।
এছাড়াও কর্মকর্তাদের সতর্ক করে মাউশি জানায়, এরপর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালনে ব্যর্থ হলে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে 'অতীব জরুরি' হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।