'সিনিয়র শিক্ষক' হচ্ছেন ১০২০ জন, খসড়া তালিকা প্রকাশ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৩ এএম

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ১ হাজার ২০ জন সহকারী শিক্ষককে 'সিনিয়র শিক্ষক' পদে পদোন্নতি দেওয়ার লক্ষ্যে প্রাথমিক খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) অধিদপ্তর তাদের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা সর্বসাধারণ ও সংশ্লিষ্টদের দেখার জন্য প্রকাশ করে।

তালিকা প্রকাশ করে বলা হয়েছে, ২০১১ ও ২০১২ সালে নিয়োগ পেয়ে যোগদানকারী সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জ্যেষ্ঠতার ভিত্তিতে এই খসড়া তালিকা দুটি পৃথক ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। প্রকাশিত এই গ্রেডেশন তালিকায় কর্মকর্তাদের নাম, বর্তমান কর্মস্থল, প্রথম যোগদান ও স্থায়ী করার তারিখ, জন্মতারিখ, নিজ জেলা কিংবা বিএড পাসের সন সংক্রান্ত কোনো ভুল বা তথ্যগত অমিল থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খসড়া তালিকায় কোনো অসঙ্গতি বা আপত্তি থাকলে কিংবা যোগ্য কারো নাম বাদ পড়ে থাকলে, উপযুক্ত প্রমাণাদিসহ আগামী সাত কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইমেইলে ([email protected]) আবেদন পাঠাতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

এছাড়া, এই তালিকায় নাম থাকা কোনো কর্মকর্তা ইতোমধ্যে মৃত্যুবরণ করে থাকলে, সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় থাকলে কিংবা চাকরি থেকে পদত্যাগ বা অব্যাহতি নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের তা মাউশি-কে অবিলম্বে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

ওয়াইএ
আরও পড়ুন