মধ্যরাতে ইডেন মহিলা কলেজ উত্তপ্ত, কী ঘটেছিল 

রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে শনিবার দিবাগত মধ্যরাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’-এর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা হলের বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। রাত ১১টার পর শুরু হওয়া এই আন্দোলন গভীর রাত পর্যন্ত চলে এবং একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্রীরা কলেজের প্রধান ফটকের তালা ভেঙে ফেলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার সন্ধ্যার দিকে কলেজের মূল ফটকের দেয়ালে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ সংবলিত গ্রাফিতি ও স্লোগানগুলো অজ্ঞাত দুর্বৃত্তরা কালো রং দিয়ে মুছে ফেলে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। রাত ১১টার দিকে ইডেন কলেজের বিভিন্ন হল এবং প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন।

বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের প্রধান গেটের তালা ভেঙে ফেলেন এবং সেখানে টাঙানো বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন। ছাত্রীদের  স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। 

শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, তারা ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় লেজুড়বৃত্তি রাজনীতি দেখতে চান না। তাদের মতে, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাধারণ ছাত্রীদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ বারবার বিঘ্নিত হচ্ছে।

আন্দোলনরত ছাত্রীরা বলেন, ‘আমরা কোনো নির্দিষ্ট দলের বিরোধী নই, আমরা শুধু চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত থাকুক। রাতের অন্ধকারে আমাদের স্লোগান ও গ্রাফিতি মুছে ফেলা মানে আমাদের মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না।’

গভীর রাতে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কলেজ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও স্থায়ীভাবে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ছাত্রীরা পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন।